সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৫:৪৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৫:৪৮:১৩ অপরাহ্ন
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ চলনবিলে বোরো ধান কাটার সময় বিরতিতে খাবার খেয়ে একসাথে অসুস্থ হয়ে পড়েছেন ৮ জন ধান কাটা শ্রমিক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা হলেন— মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সবার বাড়ি একই গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত ওই শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাউল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং অধিকাংশই এখন শঙ্কামুক্ত। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খাবারে বিষাক্ত পদার্থ মিশলো তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]