ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৮৪

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১১:৩৩:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১১:৩৩:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। দেশটির রেল অপারেটরের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পাশের শহর বেকাসিতে একটি কমিউটার ট্রেনের সঙ্গে দূরপাল্লার আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানান, ধ্বংসাবশেষের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। তার মতে, এখনো কিছু যাত্রী জীবিত থাকতে পারেন এবং তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে একটি কমিউটার ট্রেন দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন থেকে আসা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে নারীদের জন্য নির্ধারিত একটি কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে রেল নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দেশটিতে এর আগেও একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালে পশ্চিম জাভায় একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]