ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের সিমানা প্রাচীর ভেঙে ব্যাক্তিগত যাতায়াতের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিছ আক্তারের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষিকা বিলকিছ আক্তারের বাসা স্কুল বাউন্ডারির পিছনে থাকায় ব্যাক্তিগত যাতায়াতের সুবিধার্থে সরকারী অর্থায়নে নির্মিত সীমানা প্রাচীরের এক সাইড ভেঙে তিনি নিজের যাতায়াতের জন্য রাস্তা তৈরি করেছেন। এদিকে প্রতি রাতেই ওই ফটক দিয়ে স্কুলের ভিতরে ঢুকে নেশার আড্ডাসহ বিভিন্ন অপকর্ম ঘটে বলেও জানা গেছে। এ ঘটনায় স্কুলের জমিদাতাসহ এলাকার লোকজন বার বার প্রধান শিক্ষিকাকে নিষেধ করলেও তিনি তাদের কথার তোয়াক্কা করেননি। বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষিকা বিলকিছ আক্তার জানান, অভিভাবক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনি সরকারী অর্থায়নে নির্মিত সিমানা প্রাচীর ভেঙে রাস্তা বেড় করেছেন। ]
যদিও তার এই দাবির কোন প্রমান তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন বলেন, ঘটনাটি আমার জানা ছিলোনা, আপনাদের কাছেই শুনলাম, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।