কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উদ্বোধনী খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুরী ইউনিয়ন পরিষদ একাদশ মুখোমুখি হয়। খেলা শুরুর আগেই মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা জাসাসের সভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী,উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, মোঃ রফিকুল ইসলাম রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুব সমাজকে সুস্থ ও সুন্দর পথে এগিয়ে নিতে সহায়ক হবে।