পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের একাংশ ফিরে পেতে পারেন ভোটাধিকার

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৭:৪৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৭:৪৩:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে নতুন সংবাদ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল। ভোটাধিকার হারানো নাগরিকদের একাংশ ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার বিবিসিকে তিনি দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে জানান।

এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন সেই সব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু অ্যাপিলেট ট্রাইবুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক বিচারপতিদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছে ১৯টি আপিলেট ট্রাইবুনাল। এখানে বাদ পড়া ভোটাররা নিজেদের আবেদন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যেসব আবেদন বা আপত্তির নিষ্পত্তি প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে, অর্থাৎ ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে এবং যাদের বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেবে অ্যাপিলেট ট্রাইবুনাল, তারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রথম দফার ভোটগ্রহণ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে, ২২শে এপ্রিল নির্বাচন কমিশন অ্যাপিলেট ট্রাইবুনাল সাপ্লিমেন্টারি তালিকা ১ প্রকাশ করে। ওই তালিকার মাধ্যমে নতুন করে ভোটাধিকার ফিরে পান ১৩৯ জন বাদ পড়া ভোটার। অন্যদিকে, মোট ৮ জন ভোটার বাদ পড়েন।

২২শে এপ্রিলের মধ্যে অ্যাপিলেট ট্রাইবুনালে মোট ৬৫৭টি আবেদন ও আপত্তির নিষ্পত্তি হয়েছে।

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর মোট প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। নির্বাচনের ঠিক আগে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া, বিশেষ করে রাজ্যের মুসলিম-অধ্যুষিত এলাকা থেকে, অনেক বিতর্কের সৃষ্টি করে।

 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯শে এপ্রিল, রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা ইতিমধ্যেই তিন কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]