যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১১:১৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১১:১৬:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যশোরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের জন্য যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যশোরের উদ্দেশে রওনা করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যশোর সফর, যেখানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং বড় রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

যশোরে পৌঁছে থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজ উদ্বোধন করবেন। পরে সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।

এরপর সড়কপথে যশোর শহরে এসে দুপুর সোয়া ১টায় শহরতলির বিলহরিণা এলাকায় যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। দুপুরে সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রস্তুতি নেয়। নিরাপত্তা জোরদারে কাজ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। কর্মসূচিস্থলগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা গেছে, উলাশীতে মোতায়েন করা হয়েছে র‍্যাবের ডগ স্কোয়াড। গতকাল দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, উলাশী-যদুনাথপুর খালটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আলোচিত খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এই খাল থেকেই। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই দপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি আমার দেশকে জানান, উলাশীতে খাল পুনঃখননস্থল কাজ উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অন্যদিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের দায়িত্বে রয়েছে গণপূর্ত অধিদপ্তর। এই দপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম আমার দেশকে বলেন, যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]