মেলান্দহে কালবৈশাখীতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১১:১১:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১১:১১:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্বদাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।

নিহতরা হলেন, পূর্বদাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় মা ও দুই মেয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ দমকা হাওয়া ও বৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আবছা আঁধার ও ঝড়ো হাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। সকালে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই মর্মান্তিক ঘটনায় পূর্দাবগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও দুই মেয়ের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]