ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিসাসের মানববন্ধন

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৯:৩৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৯:৩৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও জাগো নিউজের প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান পুলক এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়; এটি মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

বেরোবিসাস সভাপতি আবু সাঈদ বলেন, “গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে ঢাবিসাস সদস্যদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু সাংবাদিকদের ওপর নয়—এটি স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে দমিয়ে রাখার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে উপস্থিত সাংবাদিকরা একই দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের সব ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতা পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]