রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধর করায় জামায়াতের নিন্দা

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৩:৩৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৩:৩৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৩ এপ্রিল দুপুরে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সঙ্গীয় সন্ত্রাসী দল কর্তৃক এই সন্ত্রাসী ঘটনা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য এবং চরম উদ্বেগজনক। আমি এ হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকসমাজ। তাদের সম্মান ও মর্যাদা সর্বোচ্চ। এই সন্ত্রাসী হামলার মাধ্যমে গোটা শিক্ষকসমাজকে অপমান করা হয়েছে। কলেজে পরীক্ষা চলাকালীন এমন হামলা ও ভাঙচুরের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে নষ্ট করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যা চব্বিশের জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশার পরিপন্থি।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর করার ঘটনা আইনশৃঙ্খলা ভেঙে পড়ার বহিঃপ্রকাশ। এতে করে সাধারণ নাগরিকের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

শিক্ষক-শিক্ষিকাকে মারধরের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতার কারণ ক্ষতিয়ে দেখা, বিএনপির সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]