কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের জালে ধরা পড়লো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। একই দিনে পৃথক অভিযানে আরও এক অপরাধীকে গ্রেফতার করেছে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রি (৫৩) দীর্ঘদিন পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চর কাশিয়া গ্রামে ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গ্রেফতার এড়াতে তিনি জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করে অন্য এলাকায় বসবাস শুরু করেন এবং দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার গড়ে তোলেন। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে।
অন্যদিকে, একই দিনে বিকেল আনুমানিক সাড়ে ৫টা দিকে কালীগঞ্জ উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে মো. রনি মন্ডল (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।