এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৪১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
১০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সংসদের অধিবেশনে ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রেখে বলেন, মাদরাসা শিক্ষায় বাংলাদেশের ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ৪০ লাখেরও বেশি প্রাথমিক স্তরে মাদরাসায় পড়ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে মাদরাসার স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়ে থাকেন। এই বিশাল জনগোষ্ঠীকে কর্মবাজারমুখী করতে মন্ত্রণালয় কী কার্যকর পরিকল্পনা নিয়েছে এবং কবে নাগাদ সেইগুলি আলোর মুখ দেখবে?

জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদরাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদরাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এরইমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গঠিত একটি কমিটি মাদরাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।

তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরো ১০০০ মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]