বরিশাল বিভাগীয় কমিশনার হলেন খলিল আহমেদ

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৫:০৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৫:০৬:০১ অপরাহ্ন
মশিউর রহমান রাসেলঃ
দেশের মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২২ এপ্রিল)  জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের জ্যেষ্ঠ তিন কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদ (৬৭১৮)-এর বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন খলিল আহমেদকে বরিশাল বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনে তার দক্ষতা, পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো: আবদুল্লাহ হারুন (৬৬৯৩)-কে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো: মশিউর রহমান (৬৬৭২)-কে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিসকে পরবর্তী গেজেটে প্রজ্ঞাপনটি প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই রদবদলের ফলে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের প্রশাসনিক নেতৃত্বে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]