বিসিএস ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:১৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:১৮:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের নিজ নিজ বিসিএস ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে বাংলায় ফরমটি পূরণ করতে হবে। এ কাজটি সহজভাবে সম্পন্ন করতে কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার এবং ইউনিকোড সমর্থিত আপডেটেড ব্রাউজার থাকা প্রয়োজন। লগইন করার পর প্রার্থীরা সরাসরি বাংলায় টাইপ করতে পারবেন, কিংবা অন্য কোনো উৎস থেকে তথ্য কপি করেও ফরমে যুক্ত করা যাবে।

ফরম পূরণের সময় ‘ফ্রিডম ফাইটার স্ট্যাটাস’ সংক্রান্ত অংশে চারটি অপশন থেকে সঠিকটি নির্বাচন করতে হবে। অপশনগুলো হলো- বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনা (যুদ্ধাহত) সন্তানের কোটা এবং নন-ফ্রিডম ফাইটার। সঠিক অপশন নির্বাচন করলে সংশ্লিষ্ট অংশটি প্রদর্শিত হবে, যা পূরণ করে জমা দিতে হবে।

ফরম সাবমিট করার পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং পূরণকৃত বিপিএসসি ফরম-৩-এর দুই কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কোনো তথ্য ভুল হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় লগইন করে ‘এডিট’ অপশনের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে পিএসসি। ঘোষণায় বলা হয়েছে, সাধারণ ক্যাডারের মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থীর ভাইভা আগামী ১১ মে থেকে শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]