সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:১১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:১১:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬০) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ছেলে বাবু জানান, গতকাল সন্ধ্যায় আমার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পড়ে থাকা লাশটি আমার বাবার।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় ফুলজোড় নদী থেকে বিভিন্ন সময় লাশ উদ্ধার হয়েছে। অনেক ক্ষেত্রে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]