সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা খান

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৫:৫৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৫:৫৪:৫০ অপরাহ্ন
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান, দলের নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা আল গাজী।

দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ এপ্রিল থেকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকারে অংশ নিতে সাত শতাধিক আবেদন জমা পড়ে। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করেন। পরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঝালকাঠির জীবা আমিনা খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।  বরগুনার নূর শাহানা হক সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে বিএনপি ঝালকাঠির জীবা আমিনা খানকেই চূড়ান্ত মনোনয়ন দেয়। জানা গেছে, বরগুনা-ঝালকাঠি অঞ্চল নিয়ে সংরক্ষিত নারী আসনের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবা আমিনা আল গাজী বিএনপির প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় আওয়ামী লীগের আমির হোসেন আমুর বিপক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি একাধিক হামলার শিকার হন বলেও জানা যায়।জীবা আমিনা খান বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য। তিনি সাবেক মন্ত্রী আক্তার উদ্দিন আহমদের কন্যা এবং উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন করেছেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় জীবা আমিনা খান বলেন, দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন তিনি। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে চান। সংসদ সদস্য নির্বাচিত হলে ঝালকাঠি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]