শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:২৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:২৫:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক ইমাম মাও. হাদিউল ইসলামের মেয়ে ও মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীপুর থানার মামলা নং ৩১ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহারভুক্ত আসামি মো. বাচ্চু মিয়া (৪৭), গত সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় অপহৃত মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ এবং অভিযান চালিয়ে আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করে। সর্বশেষ গ্রেপ্তারের মাধ্যমে মামলায় মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাওনা এলাকায় মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, ‘এ পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত তৎপরতায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]