স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সিসি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম ফিতা কেটে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা গেছে, কেন্দুয়া মধ্য বাজার মেইন রোডের আইএফআইসি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে এসিল্যান্ড অফিস হয়ে মো. আব্দুর রহমান রউফ (কাঞ্চনকারী)’র বাড়ি পর্যন্ত সড়কটি ইউনি ব্লকসহ সিসি রোডে উন্নীত করা হবে।
লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে এমএস জিয়াউল ট্রেডার্স-টুশিবা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা জানান, সড়কটির উন্নয়ন হলে পৌর শহরের যান চলাচল ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।