​মাধবপুরে সুরমা চা বাগানে গণধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:০৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১১:০৫:৫১ অপরাহ্ন

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার প্রধান আসামি নাসিরকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৮-এপ্রিল) রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ) এবং র‌্যাব-৭, সিপিসি-১ (ফেনী) এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসির হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২৩ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা এক নারী তার বন্ধুর সঙ্গে মাধবপুরের সুরমা চা বাগানে ঘুরতে যান। সন্ধ্যার দিকে সেখানে অবস্থানকালে অজ্ঞাত দুই ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা ব্যক্তি পালিয়ে গেলে ওই নারীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার আসামিদের গ্রেফতারে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় নাসিরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর আগে গত ২৮ মার্চ এ মামলার আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]