​কেন্দুয়ায় ৩৫ বছর পর ধাড়াইল বিলে পদ্মফুল, দর্শনার্থীদের ভিড়

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:৫৪:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১১:৫৪:১৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ধাড়াইল বিল প্রায় ৩৫ বছর পর আবারও পদ্মফুলে ভরে উঠেছে। দীর্ঘদিন পর বিলজুড়ে পদ্মফুল ফোটায় স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, একসময় ধাড়াইল বিলের বিস্তীর্ণ জলাভূমি পদ্মফুলে ছেয়ে থাকত। সেই সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসতেন। শুধু সৌন্দর্য নয়, পদ্মগাছের সাদা শিকড় সংগ্রহ করে খাদ্য হিসেবেও ব্যবহার করতেন অনেকে।

চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আবার পদ্মফুল ফোটা শুরু হয়। বর্তমানে বিলের প্রায় এক একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ফুল। এতে বিলের হারানো সৌন্দর্য ফিরে এসেছে।

প্রতিদিন শত শত দর্শনার্থী বিলপাড়ে ভিড় করছেন। স্থানীয়দের ডিঙি নৌকায় চড়ে অনেকে বিলের মাঝখানে গিয়ে পদ্মফুল দেখছেন, ছবি তুলছেন ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।

তবে কিছু দর্শনার্থী ফুল ছিঁড়ে নেওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তারা দ্রুত সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আউজিয়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়া বলেন, ৩৫-৩৬ বছর আগে পুরো বিলজুড়ে পদ্মফুল ছিল। হঠাৎ বন্ধ হয়ে যায়। এবার আবার ফুটেছে, এটা আমাদের জন্য আনন্দের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাঈমূল ইসলাম চৌধুরী জানান, ইউএনও ছুটিতে রয়েছেন। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]