পঞ্চগড়ে চিকিৎসকের ওপর হামলা: পিতা-পুত্র গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৮:২২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৮:২২:০৯ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রংপুরে বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. বেলাল হোসেন ও নয়ন।

জানা যায়, গত ১৬ এপ্রিল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জেমি আক্তার নামে এক রোগীকে ভর্তি করান তার স্বজনরা। ওইদিন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্চয় কুমার রায়ের বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ এনে উত্তেজিত হয়ে ওঠেন রোগীর স্বজনরা। একপর্যায়ে তারা চিকিৎসকের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

এই ঘটনার পর শুক্রবার থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং কয়েক ঘণ্টার ব্যবধানে রংপুরে আত্মগোপনে থাকা দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, এজাহার প্রাপ্তির পর অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমরা আমলে নেই। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে আসামিদের অবস্থান শনাক্ত করে রংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চিকিৎসকের ওপর হামলার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]