ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:০৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:০৭:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন।

অধ্যাপক সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক শামীমুল মাসুদ আহমেদ এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ রফিকুল হক।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাতেই একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী সাত দিনের জন্য কলেজের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান জানান, গুরুতর আহত শিক্ষার্থী মীর হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এ ঘটনায় নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী নাফিউল ইসলাম (বিডিএস-১৪ ব্যাচ)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মতিউর রহমান বলেন, ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

ঘটনার পর থেকে মমেক ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক রয়েছে
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]