আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১২:২৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:২৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত রাখার অভিযোগে শরিফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আলমডাঙ্গা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন অনুসন্ধান চালান। পরে শরিফুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের তথ্য নিশ্চিত হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার আসাননগর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল শেখের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৬৪৫ লিটার, অর্থাৎ ৩ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেলের মূল্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬-এর ১৬(৪) ধারা অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ ডিজেল মজুতের সত্যতা পাওয়া গেছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]