স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেনারগাতি গ্রামে গোয়ালঘর থেকে কৃষকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গ্রামের হাবিবুর রহমানের গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা একটি ষাঁড় ও দুটি বকনা গরু ট্রাকে তুলে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া জানান, রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ৩টার দিকে বাইরে বের হতে গিয়ে দেখেন ঘরের দরজাগুলো বাইরে থেকে আটকানো। জানালা দিয়ে টর্চলাইট মেরে তিনি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গরু তোলা হচ্ছে দেখতে পান। পরে জানালা দিয়ে বের হয়ে চোরদের ধাওয়া দিলেও তারা গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
তিনি এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন এবং থানায় বিষয়টি জানিয়েছেন বলে জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ইয়াছিন মিয়া সরাসরি তাকে বিষয়টি জানাননি। তবে থানার অন্য কাউকে জানিয়ে থাকতে পারেন। গরুগুলো উদ্ধারে অভিযান চলবে বলে জানান তিনি।