কুড়িগ্রামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, খালি হাতে ফিরছেন বাইকাররা

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১২:৪৫:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:৪৫:৫০ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পেট্রোল না পেয়ে খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
 
সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার সংলগ্ন মেসার্স বি আর ফিলিং স্টেশনসহ একাধিক পাম্পে এমন চিত্র দেখা গেছে। ওই পাম্পে প্রায় ২–৩ ঘণ্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক জ্বালানি সংগ্রহ করতে পারেননি।
 
স্থানীয়রা জানান, কিছু ক্ষেত্রে লাইনে থাকা সাধারণ গ্রাহকদের তুলনায় পরিচিত ব্যক্তিদের আগে তেল দেওয়া হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষমাণ অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই তেল শেষ হয়ে যাওয়ায় লাইনে দাঁড়ানো অধিকাংশ গ্রাহকই বঞ্চিত হচ্ছেন।
 
ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা বলেন, দৈনন্দিন কাজ, চাকরি ও জরুরি প্রয়োজনে বের হয়ে তারা চরম দুর্ভোগে পড়ছেন।
 
এদিকে জেলার অন্যান্য পাম্পগুলোতেও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি ও অসন্তোষ বিরাজ করছে।
 
তেল নিতে আসা একাধিক বাইকার জানান, জেলার সব পেট্রোল পাম্পে যদি একযোগে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা হতো, তাহলে এ ধরনের সংকট ও দীর্ঘ লাইনের সমস্যা তৈরি হতো না।
 
স্থানীয়দের দাবি, পাম্পগুলোতে সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করা জরুরি, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]