বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৪৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু কথামালায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না। তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন এবং সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছেন।
 
শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন হবে। তারই অংশ হিসাবে ইতোমধ্যে দেশে দুইটি বিভাগ অর্থাৎ রাজশাহী ও রংপুরে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা যেহেতু মনে করি মানুষের কর্মসংস্থান সবচেয়ে প্রধান কেন্দ্র এবং আমরা আরও মনে করি পতিত সরকারের রেখে যাওয়া যে অর্থনৈতিক মডেল তাতে বাংলাদেশের মানুষের কোনো কর্মসংস্থান হয়নি। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে দেশে কি পরিমাণ বেকারত্ব বিরাজমান। তার মধ্যে নারী বেকারের সংখ্যা অনেক বেশি এবং আপনারা যাকে কষ্ট করে স্নাতক বা স্নাতকোত্তর পড়িয়েছেন তাদের মধ্যে বেকারত্ব আরও অনেক বেশি।

তিনি বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে জনদুর্ভোগ এমন পর্যায়ে গিয়েছে যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এরকম সংকটময় মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন যে, জনকল্যাণকে এক নাম্বার এজেন্ডা হিসেবে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বারবার সেগুলো বাস্তবায়ন করছেন।

এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলার শিল্প ও গবেষণা খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি শহরতলীর গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় জোবায়দা করিম জুট মিল পরিদর্শন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে তিনি পাটকলের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং উৎপাদিত বহুমুখী পণ্য ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সরাসরি কারখানার শ্রমিক ও কর্মচারীদের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

পরবর্তীতে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপদেষ্টার সামনে তুলে ধরা হয়। দেশের নদী ব্যবস্থাপনা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরালো করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​দিনব্যাপী এ সফরের বিভিন্ন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পার্শ্ববর্তী পাঁচটি জেলার সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]