স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন 'কথার জাদুকর' হানিফ সংকেত

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৭:৩০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৭:৩০:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ে দেশের শিল্প ও সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত (কে এম হানিফ)। আজ, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। টেলিভিশনে তিনি প্রথম উপস্থাপনা করেন ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’-এর অনুষ্ঠান।

বিটিভিতে ‘ইত্যাদি’র প্রথম পর্ব প্রচারিত হয় ১৯৮৯ সালের মার্চে। সে হিসাবে অনুষ্ঠানটির যাত্রা তিন দশকের বেশি। অনুষ্ঠানটি তিনি নিয়ে গেছেন বারবার দেশের নানা অঞ্চলে। ফলে এটি এক ধরনের সাংস্কৃতিক মানচিত্র তৈরি করেছে, যেখানে টেলিভিশনের ক্যামেরা বাংলাদেশের মুখকে নতুন করে চিনিয়েছে, বাংলাদেশকেই।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

এর আগে হানিফ সংকেত ২০১০ সালে পেয়েছেন একুশে পদক। তিনি জাতীয় পরিবেশ পদকও পেয়েছেন। ‘ইত্যাদি’ বহুবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টিভি অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবার এই গুণী ব্যক্তিত্বের হাতে উঠল স্বাধীনতা পুরস্কার।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]