​কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান: ৬ জন গ্রেপ্তার, ২ জনকে সাজা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৫৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৫৫:২১ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ তৎপরতায় একাধিক ঘটনায় সাজা, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন থেকে শুরু করে ইয়াবা উদ্ধার-সব মিলিয়ে পৃথক তিনটি অভিযানে মোট পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

থানা সূত্রে জানা যায়, জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে ইমাম (২০) ও মোমিনকে (২০) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ নাহিদ হাসান আদনানকে (২৯) গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৭) দায়ের করা হয় এবং দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

একই সময় ওই ইউনিয়নে আরেক অভিযানে আকলিমা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা (নং-২৯) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া একই দিনে একই ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় মিলন মিয়া (৪৮) ও শাহআলমকে (৪০) আটক করা হয়। তাদের কাছ থেকে ভাঙা অবস্থায় প্রায় ২০ গ্রাম (প্রায় ২০০ পিস ইয়াবার সমতুল্য) এবং আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধেও মাদক মামলা (নং ২৮) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]