ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:০২:১৪ অপরাহ্ন

 

মো. হারুন-্ফউর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান-এর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিল আলাদিপুর ইউনিয়নের সাবেক বিজিবি সদস্য মৃত টিপু সুলতানের স্ত্রী হাসিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ১৫ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান অভিযোগকারীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে একান্তে শালিস বৈঠকে বসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বাসার।

শালিসে আনীত অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বিবেচনা করে তাকে ফুলবাড়ী থেকে বদলির জন্য উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। অভিযোগকারীও এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেবেন না বলে জানান।

এদিকে, অভিযুক্ত কর্মকর্তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

পৌর বিএনপি সভাপতি আবুল বাসার বলেন, “এ ধরনের কর্মকর্তা আমাদের উপজেলায় থাকলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই আমরা তার বদলি দাবি করেছি।”

অন্যদিকে, সদ্য অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসের পিয়ন নজিবর রহমানের কাছ থেকেও পেনশন পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় প্রায় সাত মাস ধরে তিনি পেনশন সুবিধা পাননি বলে জানা গেছে। এ ধরনের আরও অভিযোগ করেছেন স্থানীয় সুজাপুর গ্রামের বাসিন্দা নিয়াজুর রহমান।

স্থানীয়দের মতে, নানা অভিযোগ থাকা সত্ত্বেও বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে এসেছে। তারা আশা করছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]