আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাস জমি

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:৩৫:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওরসংলগ্ন খিলাকান্দা এলাকায় অবৈধভাবে দখলে থাকা ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। দ্রুত দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।


জানা গেছে, প্রায় দুই বছর আগে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন নাগরিক খুরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ১১ জন অবৈধ দখল উচ্ছেদের দাবিতে ইউএনওর কাছে আবেদন করেন। বিভিন্ন কারণে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি।
 

চকিয়াচাপুর গ্রামের খুরশেদ আলম ভূঁইয়া বলেন, ২০–৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব খাস জমি দখল করে রেখেছিল। হিজল বাগান থেকে গাছ কেটে প্রাকৃতিক সম্পদও বিনষ্ট করা হয়েছে। দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, উদ্ধারকৃত খাস জমির আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। এর আগে এত বড় পরিসরে এখানে খাস জমি উদ্ধার হয়নি। অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]