নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। তবে এই লাভের ধারা আরও সুসংহত করতে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে বহরে নতুন উড়োজাহাজ সংযোজনসহ বেশ কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল ফ্লাইট পরিচালনা করেই ক্ষান্ত নয়, বরং দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদানের মাধ্যমেও বড় অংকের রাজস্ব আয় করছে। সার্বিকভাবে বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এর অপারেশনাল কার্যক্রম ও ব্যবস্থাপনায় আরও আধুনিকায়নের সুযোগ রয়েছে।
এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্লাইটে সেবার মান বাড়াতে কর্মীদের আচরণগত প্রশিক্ষণ ও নিবিড় তদারকির ব্যবস্থা করা হয়েছে।
বিমান মন্ত্রী আরও বলেন, উড়োজাহাজ স্বল্পতা থাকা সত্ত্বেও বিমান তাদের ফ্লাইটের সময়ানুবর্তিতা বা অন টাইম পারফরম্যান্স (ওটিপি) বজায় রাখতে সচেষ্ট। বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে বিমান গড়ে ৮০ শতাংশ ওটিপি অর্জন করতে সক্ষম হয়েছে।
বিমানকে আরও শক্তিশালী করতে বহর বৃদ্ধি ও সেবার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে বিমানের আয় আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।