যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির মতে, এ ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। মনজুর আলম ২০১০ সালে বিএনপির পক্ষে নির্বাচিত মেয়র ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন।

এছাড়াও ছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। খালেদা জিয়ার অসুস্থতার সময় বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সে সময় এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবাদ দেখা না গেলেও, বর্তমানে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানোকে স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে মনে করছে সংগঠনটি।

জাতীয় যুবশক্তি এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক হলেও তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে, দেশের সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]