​রাজস্থলীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব বিধবা পরিবার, সেনাবাহিনীর কাপ্তাই জোনের মানবিক সহায়তা

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৬:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:১৬:৩৪ পূর্বাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ  

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পাহাড়ি বিধবা পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ঘরের ভেতরে থাকা ধান, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে গিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল)  উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া (নোয়াপাড়া এলাকায়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কালামা মারমা (স্বামী: মৃত মংবই মারমা) একজন বৃদ্ধা বিধবা, যিনি নিজে কাজ করে দুই নাতনিকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুলার আগুন থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই বসতঘরটি গ্রাস করে। স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক চেষ্টা এবং ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরবাড়ি ও ভেতরের প্রায় সব সম্পদ পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবিব আবিরের নেতৃত্বে দলটি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করে।

সহায়তা প্রদানকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। যেকোনো দুর্যোগে আমরা স্থানীয় জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”

অগ্নিকাণ্ডের পর সেনাবাহিনীর দ্রুত ও মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী কালামা মারমা ও স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এসে পরিবারটির পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]