স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে আধ্যাত্মিক সাধক পরিতোষ সাধুর ৩৩তম এতিম সেবা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথমদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়।
সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সাধু, ভক্ত, আশেকান ও শিষ্যরা মেলায় যোগ দেন। দুপুরে আগতদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ বছর শতাধিক এতিম শিশুদের সেবা প্রদান শেষে তাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
প্রয়াত সাধুর জ্যেষ্ঠ ছেলে পবিত্র দাস পলাশ জানান, পরিতোষ সাধু জীবিতকালেই এতিম সেবা ও বস্ত্র বিতরণের এই কার্যক্রম শুরু করেছিলেন, যা এখনো ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
গ্রামবাসীরা জানান, প্রতিবছর এই দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত-শিষ্যরা সমবেত হয়ে এতিমদের সহযোগিতা করেন। স্থানীয়রাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মেলাকে কেন্দ্র করে সহস্রাধিক মানুষের সমাগম ঘটে এবং সকলের অংশগ্রহণে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।