প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৯:০৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৯:০৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছেই না। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১ আসনের এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল মাদক, দুর্নীতি ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা করেন, অনিয়মের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

তবে ওই সভার পরও উপজেলার কাঁকফো বসুপাড়া এলাকায় অবৈধ পুকুর খনন চলমান। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী রাত ১২টার পর থেকে ৮-১০টি ট্রাক্টর বা বড় ট্রলির মাধ্যমে মাটি কেটে বিক্রি করছেন।

তমালতলা এলাকার মাটি ক্রেতা শহিদুল ইসলাম জানান, তিনি বিএনপি নেতা তরিকুল ইসলাম তরুর কাছ থেকে প্রতি গাড়ি মাটি ১২০০ টাকা করে কিনেছেন।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা তরিকুল ইসলাম তরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলেন, ‘সাক্ষাতে কথা হবে।’

অন্যদিকে, জিগোরী এলাকার আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি দাবি করেন, তার নাম জড়ালেও তিনি এ কাজে সম্পৃক্ত নন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘এভাবে পুকুর খনন করে মাটি বিক্রির কোনো সুযোগ নেই। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমন অপরাধের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রাত গভীর হলেই ট্রলির শব্দে এলাকা প্রকম্পিত হয়। উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিতই পুকুর বা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনা ঘটছে। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এসব কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে।

তাদের অভিযোগ, প্রশাসনকে অবহিত করা হলেও প্রায়ই ‘দেখছি’ বলে দায় এড়ানো হয়। ফলে মাটি খেকোদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসছে না। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]