কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:৩১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:৩১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কালুখালীর আয়োজনে ১৪ এপ্রিল এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ও আর্চ ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদুল্লাহ, অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান এবং উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ রোগী এবং এতিমখানার শিশুদের মাঝে বাঙালি খাবার পরিবেশন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”

দিনব্যাপী এ আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে কালুখালীতে ফিরে আসে চিরচেনা বাঙালিয়ানা, যা স্থানীয়দের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]