গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
কাজের জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবেন না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। সোমবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি মোড়ে বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এম ইকবাল হোসেইন বলেন, এলাকায় অনেকগুলো প্রকল্প পাস হয়েছে| রাস্তা-ঘাট নির্মাণ, খাল খনন এবং সামাজিক বনায়ন করা হবে। এর বাইরে ৫টি স্কুলে বন্যার জন্য আশ্রয়কেন্দ্র এবং ১৫টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কাজ শুরু হলে স্থানীয়দের তদারকির আহ্বান জানিয়ে তিনি বলেন, কাজ যখন শুরু হবে আপনারা নিজের কাজ মনে করে দেখে যাবেন যে ঠিকমতো হচ্ছে কিনা। যদি না করে তবে আমাকে বলবেন।
কিন্তু কাজ করার জন্য কনট্রাক্টরকে কেউ অত্যাচার করতে পারবে না। তাকে কাজ করতে সুবিধা দিতে হবে। আমরা তাকে সুবিধা দেবো আর তার কাছ থেকে ঠিকমতো কাজ আদায় করে নেবো। কিন্তু কাজ করার আগে যদি চাঁদাবাজি আরম্ভ করেন তবে তো সে ভাগবে। সেজন্য কন্ট্রাক্টরকে ঠিকমতো সুবিধা দিবেন আর ঠিকমতো যেন কাজ হয় সেটা ইউএনও ও ইঞ্জিনিয়ার সাহেব দেখবেন। আর আপনাদের চোখে যদি মনে হয় ঠিকমতো কাজ হচ্ছে না, তবে আমাকে জানাবেন।
বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী শারমিন হোসেইন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম শামছু, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ও বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।