হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের সময় রাজধানীর শনিরআখড়ায় জুবাইদ ইসলাম নামে এক শিক্ষার্থীকে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই আব্দুল করিম গত ৮ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন সোমবার রাখেন। এ বিষয়ে শুনানি করতে নুরুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে শামছুদ্দোহা সুমন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেন আদালত।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, নুরুজ্জামান মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। তদন্তকালে মামলার ঘটনার সাথে তার জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যাত্রাবাড়ির শনিরআখড়ার গোবিন্দপুর আন্ডারপাস এলাকায় গুলিতে নিহত হন জুবাইদ। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]