নবীনগরে আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৩৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৩৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আমার দেশে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘আলীয়াবাদ খালে’ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এর আগে ‘বর্জ্যে বিলীন নবীনগরের আলীয়াবাদ খাল’ শিরোনামে আমার দেশে একটি সংবাদ প্রকাশিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় খালের পূর্ব অংশ আলীয়াবাদ গোলচত্বর সংলগ্ন সওজের ব্রিজ থেকে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করা শুরু হয়। এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘আলীয়াবাদ খাল’ তিতাস নদীর সঙ্গে সংযুক্ত বুড়ী নদী থেকে শুরু হয়ে ভাটা নদীর সঙ্গে মিশেছে। গৃহস্থালির বর্জ্য, ময়লা-আবর্জনা সরাসরি খালে ফেলার কারণে ভরাট হয়ে বিলীন হয়ে গেছে। অপরদিকে অপরিকল্পিতভাবে খালের মুখ বন্ধ করে পৌরসভার রাস্তা নেওয়ার কারণে পানি নিষ্কাশন ও পানির প্রবাহ বন্ধ হয়ে গিয়ে চরম পরিবেশ বিপর্যয় ঘটছে। বর্জ্য জমে খালের পানি বিষাক্ত হয়ে কালো আকার ধারণ করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। ওই পানি কৃষিজমিতে গিয়ে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মশার প্রজননক্ষেত্রে রূপ নিয়েছে, বর্ষাকালে প্লাবিত হচ্ছে এলাকা, জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না খালটি, রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করায় এই দুরবস্থা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বর্জ্য পরিষ্কার ও পানি চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী।

অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি বলেন, এই খাল জনগুরুত্বপূর্ণ, খালের অস্তিত্ব রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, তাহলেই খালের অস্তিত্ব রক্ষা পাবে এবং খালের সুফল জনগণ ভোগ করতে পারবে। খালের দুপাশে রেলিং দেওয়াসহ দুই পাশের রাস্তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান বলেন, আলীয়াবাদ খালের অস্তিত্ব রক্ষা এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে নবীনগর পৌরসভার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]