​জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:৫৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:৫৯:০১ অপরাহ্ন

আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি 


বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি'র) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি। কিন্তু জুলাই সনদ নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আগেও বলেছি, জুলাই সনদকে খুবই সম্মান করি, জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করবো। জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে, ‘আমরা এটা মানি না, মানবো না বা প্রতারণা’। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।

এর আগে, মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া, নাজিউর রহমান মঞ্জুর পরিবারের অন্যান্য সদস্যগণ ছাড়াও ভোলা জেলা বিএনপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]