জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচি দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:০১:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:০১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চোধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচির জন্য দেশে বিপ্লব সংঘটিত হয়েছিলো। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো। দেশে কর্মস্থানের সৃষ্টি হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। সেই কর্মসূচীর আওতায় মেহেরপুরের জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বলিয়ার পুর গ্রামে কাজলা নদীর সংযোগস্থল জিয়া খাল উদ্বোধন করেন তিনি। পরে এক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশে গড়ার সুযোগ পেয়েছি। নির্বাচনের আগেই আমাদের প্রধানমন্ত্রী জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, আমরা কোন মেগা প্রজেক্ট করবো না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। যার কারণে খাল খনন কর্মসূচী নতুন বিপ্লবে পরিণত হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির পালনের মধ্য দিয়ে গ্রামীণ অবকাঠামোর পরিবর্তন হবে। নতুন একটা বিপ্লব, নতুন একটা আন্দোলন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে শুরু করেছিলেন তারেক রহমানের নেতৃত্বে আরেকটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

কৃষকদের কৃষি কার্ড ও কৃষি ঋণ মৌকুফের বিষয়ে তিনি বলেন, আমরা ইতিমধ্যে পার্লামেন্টে ১৩৩ টি বিল নিয়ে কথা বলছি, এর পাশাপাশি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের কাজটুকু আমরা দৃশ্যমান করতে পেরেছি। এর কাজ চলমান রয়েছে। আগামী ১৪ তারিখ কৃষি কার্ড বিতরণী উদ্বোধনের জন্য প্রোগ্রাম হাতে নিয়েছি।

মন্ত্রী বলেন, মেহেরপুর অঞ্চলের কৃষিভিত্তিক উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে সুইচগেট নির্মাণ এবং পুনঃখনন কার্যক্রম চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক শিল্পি রানি রায়, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মওলানা তাজ উদ্দীন খাঁন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাবেক এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেন সহ বিএনপির নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]