কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:৩৬:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:৩৬:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ, যুবক, নারী, শিশুসহ ২৩ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দিনে শহরের নিশ্চিন্তপুর, মধুগঞ্জ, ঢাকালেপাড়াসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের শিকার হয় তারা। আহত ব্যক্তিরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিষেধক রেবিস ভ্যাকসিন না থাকায় দিশাহারা হয়ে পড়ছে ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় দুটি ক্ষ্যাপা কুকুর বেপরোয়া হয়ে ওঠে। এরপর এলাকাবাসী ও পথচারীদের কামড়াতে থাকে। পাগলা কুকুরের কামড়ে নিশ্চিন্তপুর এলাকার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক এবং মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের মেয়ে সিনথিসহ ২৩ জন আহত হয়েছে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে শুক্রবার রাতে একটি কুকুরকে ধরতে পারলেও অন্যটিকে ধরতে পারেনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, শুক্রবার কুকুরের কামড়ে আহত ঢাকালেপাড়ার ১১ জন এবং নিশ্চিন্তপুর এলাকার আরও ১১ জন হাসপাতালে এসেছিল। আহতদের মধ্যে বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীও ছিল। তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে কোনো প্রতিষেধক রেবিস ভ্যাকসিন নেই। সে কারণে আহতদের বাইরে থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সংকট থাকলেও ভুক্তভোগীরা আমার কাছে এলে তাদের জন্য বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়া হয়েছে। হাসপাতালের ভ্যাকসিন সংকট খুব দ্রুতই নিরসন করা হবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]