​হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০১:৫৪:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০১:৫৪:৫৫ পূর্বাহ্ন
‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জ জেলায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্তপথে পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স অভিযান শুরু করেছে প্রশাসন।
‎
‎শনিবার (১১ এপ্রিল) বিকালে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজার পরিস্থিতির প্রভাবে তেলের দামে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ বা পাচারের চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিজিবি, র‍্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।
‎
‎বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে যৌথ দল জেলা সদরের চৌধুরী বাজার এবং নবীগঞ্জ উপজেলার শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার, ডিপো ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে ফিলিং স্টেশন ও ডিলারদের মজুদ পরিস্থিতি যাচাই করা হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রতিরোধে সতর্কতা জোরদার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়ম বা শাস্তিমূলক ব্যবস্থার তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। ৫৫ বিজিবির আওতাধীন এলাকায় সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]