নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিলবিলাম আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মানুষের জীবন গঠিত হয়েছে পরিশ্রমের মাধ্যমে। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।” তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা গঠনে শারীরিক শিক্ষা (পিটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের মাঠে বালু দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে প্রয়োজন অনুযায়ী দাবি উত্থাপন করা হয়েছে। তিনি বিমান মন্ত্রীর কাছে পটুয়াখালীতে বিমান বন্দর সংক্রান্ত বিষয় এবং আইনমন্ত্রীর কাছে বাউফলে আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বলেও জানান। মাদক নির্মূলে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। মাদকের উৎস অনেকাংশে কমেছে, ভবিষ্যতে এটি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।