নিজস্ব প্রতিবেদক
আগামী তিন সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে ইউরোপে মারাত্মক জেট জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় বিমানবন্দরগুলোর সংগঠন এসিআই ইউরোপ। খবর বিবিসির।
সংস্থাটি ইউরোপীয় কমিশনের জ্বালানি ও পর্যটন বিষয়ক কমিশনারদের কাছে পাঠানো এক চিঠিতে জানায়, সদস্যদের মধ্যে জেট জ্বালানির প্রাপ্যতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি হয়েছে।
এসিআই ইউরোপের মহাপরিচালক সতর্ক করে বলেন, ‘জ্বালানির ঘাটতি বিমানবন্দর পরিচালনা ও আকাশপথে যোগাযোগকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে, যার ফলে সংশ্লিষ্ট জনগোষ্ঠী ও ইউরোপের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।’
তিনি আরো জানান, ‘বর্তমান পরিস্থিতিতে যদি আগামী তিন সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীলভাবে শুরু না হয়, তাহলে ইউরোপীয় ইউনিয়নে জেট জ্বালানির কাঠামোগত সংকট তৈরি হওয়া অবশ্যম্ভাবী।’
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী, যার মাধ্যমে ইউরোপের প্রায় ৫০ শতাংশ জেট জ্বালানি আমদানি হয়।
এদিকে, সম্ভাব্য সংকটের আশঙ্কায় ইতোমধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন ফ্লাইট কমিয়ে দিয়েছে এবং যাত্রী ভাড়া বাড়িয়েছে।
গত সপ্তাহে ইউরোপে জেট জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে প্রতি টন ১,৮৩৮ ডলার হয়েছে, যেখানে যুদ্ধ শুরুর আগে ছিল ৮৩১ ডলার।