স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিখোঁজ যুবক সোহাগ ওরফে সুমন (৩০) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার উত্তরখান এলাকার ৪৬ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উত্তরখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহত সোহাগ কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের সুনু বেপারীর ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।
নিহতের ভগ্নীপতি এজেড সুমন জানান, চাকরি ছেড়ে দিয়ে সম্প্রতি সোহাগ ডিমের ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে শুক্রবার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।
উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।