সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের বিপরীতে অবস্থান নেয়া যাবে না

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৫৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৫৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল থানার প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান গ্রহণ করতে হবে। সাংবিধানিক সীমাবদ্ধতা দেখিয়ে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়া যাবে না। বিএনপি সরকারকে কেন্দ্র করে পরিবর্তনে জনগণের যে বিপুল স্বপ্ন আশা তাকে অবশ্যই পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের লাখ লাখ বেকার যুবকদের উপযুক্ত কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। এ-ব্যাপারে সরকারকে দ্রুত বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বিশাল যুবশক্তিকে কোনোভাবেই হতাশায় নিমজ্জিত করা যাবে না। দেশের ডাকে গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে যুবশক্তি রাজপথ দখল করেছে, প্রাণ দিয়েছে; কিন্তু বহুবার তারা প্রতারিত হয়েছে। এবার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তাকে নষ্ট হতে দেয়া যাবে না। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে।

বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শ্রমিক নেতা বেপারী বিন্দু, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক বাবর চৌধুরী, যুব সংগঠক আনিসুর রহমান ও ফারুক হোসেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]