বিদ্যালয়ের পাশে বর্জ্য ফেলায় হোটেল মালিকের কারাদণ্ড

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৮:০৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৮:০৮:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগর উপজেলার একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে উন্মুক্ত স্থানে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার ঘটনায় “নীরব প্রশাসন, বর্জ্যের দুর্গন্ধে নাক চেপে ক্লাস করছে শিক্ষার্থীরা” শিরোনামে গত ৩ এপ্রিল আমার দেশ অনলাইন একটি সংবাদ প্রকাশিত হলে অবশেষে উপজেলা প্রশাসনের অভিযানে জড়িত দুই হোটেল মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার নেতৃত্বে দয়ামীর ইউনিয়নের জয়বুননেছা গার্লস হাই স্কুলের সংলগ্ন স্থানে গ্রাম বাংলা ও রাজধানী নামের দুটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় রাজধানী হোটেলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পৃথক তিনটি ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে ড্রেন নির্মাণ করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার প্রতিশ্রুতি প্রদান এবং পূর্বের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করায় কারাদণ্ড মওকুফ করে কেবল নগদ অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানের দিন থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে গ্রাম বাংলা হোটেলের মালিক বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। পাশাপাশি তাকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ অভিযানের ফলে প্রায় ২০০ শিক্ষার্থীর এই বিদ্যালয় দুর্গন্ধ থেকে মুক্ত হয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পেয়েছে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকায় স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

প্রসঙ্গত উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে মহানগর ফিলিং স্টেশনের নিকটে অবস্থিত জয়বুননেছা গার্লস হাই স্কুলের দেয়ালঘেঁষা খোলা স্থানে পার্শ্ববর্তী দুটি রেস্টুরেন্টসহ আশপাশের বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছিল।

অন্যদিকে গত ২৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও, সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেই উন্মুক্ত স্থানে নিয়মিত বর্জ্য ফেলার ঘটনায় গত বছরের ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিদ্দিকা বেগম জানান,বিদ্যালয় দুর্গন্ধ থেকে মুক্ত এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন ও শিক্ষকদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানের পর শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের এ উদ্যোগের ফলে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ দ্রুত পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]