মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে| এ লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে মহানগরীর বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।সভায় বক্তারা সম্মিলিতভাবে রাজশাহীকে আরও সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং পরে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন এবং রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন| রাজশাহীকে পরিকল্পিতভাবে ঢেলে সাজাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সমšি^ত প্রচেষ্টার মাধ্যমে রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরীতে রূপান্তর করা সম্ভব।
আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে| নিরাপদ নগরী গড়তে রাসিককে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।
আরডিএ চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম বলেন, পদ্মা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা, ড্রাইভওয়ে নির্মাণ ও আবাসন প্রকল্প বাস্তবায়নে আরডিএ কাজ করছে| সম্মিলিত উদ্যোগে এসব প্রকল্প বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে|
সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন, বৈদ্যুতিক ক্যাবল ও ড্রেনের স্লাব চুরি রোধ, নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপন, শিরোইল এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, নওদাপাড়ায় বাস টার্মিনাল স্থানান্তর এবং আরডিএ মার্কেট উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#