প্রধান বিচারপতি আট দিনের ছুটিতে যাচ্ছেন আজ

আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:০২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:০২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার থেকে ছুটিতে যাচ্ছেন। আট দিনের ছুটিতে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যাচ্ছেন। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ, জ্যেষ্ঠতা অনুসারে বিচারপতি মো. আশফাকুল ইসলামের দায়িত্ব পালন করার কথা। কিন্তু বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ এবং গত ডিসেম্বরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর দুর্নীতির অভিযোগ দায়েরের পর থেকে বিচারপতি মো. আশফাকুল ইসলাম আর আদালতে বসছেন না।


সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অভিযোগে উল্লেখ করা হয়, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ১২৫ কোটি টাকার অর্থঋণ মোকদ্দমা থেকে উদ্ভূত একটি রিটে এক সপ্তাহের রুল দেন এবং ব্যাংককে শুনানির সুযোগ না দিয়ে ১১ দিনের মাথায় রায় প্রচার করে বন্ধকী সম্পত্তি ও বন্ধকদাতার নাম আর্জি থেকে কর্তন করে দেওয়ার আদেশ দেন। এছাড়া আরেকটি রিট মামলায় তিনি রুল জারি করেই অন্তর্বর্তী আদেশের মাধ্যমে ১১৯ একর জমির দলিল নিবন্ধনের জন্য এক সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেন। অথচ দলিলদাতার স্বত্ব নেই বলে সাব-রেজিস্ট্রার অভিমত দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে জমির প্রকৃত মালিক লিভ পিটিশন দায়ের করলে আপিল বিভাগ বিচারপতি আশফাককে তিরস্কার করে তার আদেশটি বাতিল করে দেয়।

 
বিচারপতি আশফাকুল ইসলাম বিগত সময়ে দুটি রিটের রায়ে শেখ মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলেও রায় দিয়েছিলেন। তার বিরুদ্ধে এসব অভিযোগের কোনো তদন্ত এখনো শেষ হয়নি বলে জানা গেছে। সব মিলিয়ে অভিযোগ দায়ের এবং বর্তমান প্রধান বিচারপতি শপথ নেওয়ার পর থেকে তিনি আর কোর্টে বসেননি। যদিও ছুটির দরখাস্তে প্রথমে তিনি মায়ের অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তার মা গত ২ মার্চ ইন্তেকাল করেন। এরপর অনেক দিন হলো তিনি আদালতে বসছেন না।

 
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সংবিধান অনুসারে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে জ্যেষ্ঠতা অনুসারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার কথা। যদিও প্রধান বিচারপতির এবারের ছুটি উচ্চ আদালতের অবকাশকালীন সময়ে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]