এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের ধারা ভেঙে অকটেন উপহার দিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন এক যুবক। জ্বালানি তেলের সংকটময় সময়ে এমন অভিনব উপহার ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে এই ভিন্নধর্মী উপহার দেন তার ঘনিষ্ঠ বন্ধু প্রবাসী সোহান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এমন বাস্তবতায় বন্ধুর প্রয়োজন ও সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই সোহান চৌধুরী এই ব্যতিক্রমী উপহারের উদ্যোগ নেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই অভিনব উপহার দেখে বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি মুহূর্তেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই এটিকে সময়োপযোগী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।